অলিউদ্দিন-মেহেরুন ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় এক হাজার পাঁচশত শিশু, বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এরই অংশ হিসাবে আজ শনিবার (২১ ডিসেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মেহেরুন নেসা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণ এবং ফকিরটারি বুড়া পীর (রহ.) মাদ্রাসা প্রাঙ্গণে ১ শত ৫০ জন শীতার্ত শিশু ও বৃদ্ধ বৃদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে বৃদ্ধ ও বৃদ্ধারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীত বেশি। এখনো পর্যন্ত তাদেরকে কেউ কোনো কম্বল বা শীতবস্ত্র দেয়নি। তারা শীতে অনেক কষ্ট করে রাত্রি পার করছিলেন। এই কম্বল পেয়ে তারা শীত নিবারণ করতে পারবে।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অলিউদ্দিন- মেহেরুন ফাউন্ডেশনের চেয়ারম্যান,গেরিলা লিডার হিউম্যানিস্ট এস এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল ইসলাম, সদস্য সচিব প্রভাষক রবিউল ইসলাম রিবু, সমাজকর্মী গোলাম মোস্তাফা, মোকলেছার রহমান, আয়ুব আলী, রশিদুল ইসলাম, নুরুনবী প্রমূখ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মহিলা-পুরুষ অভিভাবকগণসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পর্যায়ক্রমে এই দুই জেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সহায় শিশু, বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে এসকল কম্বল বিতরণ করা হবে।