রংপুরের পীরগজ্ঞে কাঁপানো শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে জফুলা বেগম (৯০) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।তিনি গত ১৭ ডিসেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের নার্সিং ইনচার্জ সাইফুল ইসলাম। মৃত্যা বৃদ্ধার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওসমানপুর।
নিহত বৃদ্ধা জফুলা বেগমের ছেলে আবু হোসেন জানান, গত ১০ ডিসেম্বর সকালের দিকে শীতে নিবারনে আগুন পোহাতে গিয়ে মার কাপড়ে আগুন লাগে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়। বিশেষ করে শ্বাসনালি ক্ষতি গ্রস্থ হওয়ায় কোনো খাবার গ্রহণ করতে পারেননি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ জানান, প্রতি বছরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারী ও শিশুর নিহতের সংখ্যা বাড়ছে এ জন্য জনগণের সচেতনতা প্রয়োজন।এ বিষয়ে সব সময় পরামর্শ দিচ্ছি। সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।