রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন


প্রকাশ :

"নারী ও কন্যার সুরক্ষা করি—সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) র‌্যালি, আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন তথ্য আপা স্মৃতি মনি কনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক সেলিম রেজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মানিক, আদিতমারী থানার ওসি (তদন্ত) মোজাফফর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে পাঁচজন সফল জয়িতাকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
১. অর্থনৈতিক সাফল্য অর্জনকারী: অর্চনা রানী
২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: সুজাতা রানী রায়
৩. সফল জননী: শ্রীমতি মায়া রানী
৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী: উম্মে কুলছুম
৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন: আছমা বেগম

অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।