লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে ২ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা এ সাজা প্রদান করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কাকিনা এলাকার আব্দুল কাদেরের ছেলে জাহেদুল হক (২৩) একই এলাকার সুশান্ত রায়ের ছেলে সৈকত রায় (১৯)
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা জানান, উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি মন্দির এলাকায় কতিপয় মাদকসেবী মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতের আঁধারে পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ২ যুবককে আটক করে। ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। পরে তারা অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে জানান, উপজেলাকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতে সকলকে অনুরোধ করেছেন তিনি ।