রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গুপ্তধন ভেবে এক মাস ঘরে রাখা পুরোনো গ্রেনেড উদ্ধার করল পুলিশ


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সানিয়াজান নদীতে মাটি কাটার সময় পাওয়া একটি পুরোনো গ্রেনেড এক মাস ধরে গুপ্তধন ভেবে নিজের কাছে রেখেছিলেন কৃষক লেবু মিয়া (২৫)। তবে পরে বিষয়টি বুঝতে পেরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

ওসি আশরাফুজ্জামান জানান, প্রায় এক মাস আগে বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটার সময় লেবু মিয়া গ্রেনেডটি পান। তিনি এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে নিয়ে আসেন এবং বিভিন্ন উপায়ে সেটি ভাঙার চেষ্টা করেন। রোববার রাতে তিনি বুঝতে পারেন এটি আসলে একটি পুরোনো গ্রেনেড হতে পারে। পরে তিনি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পকে বিষয়টি জানান।

বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি আকারে ছোট, যা হাতের মুষ্টিতে রাখা সম্ভব। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এই ঘটনায় কোনো ক্ষতি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে স্থানীয় প্রশাসন জনগণকে এ ধরনের বস্তু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।