স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সোমবার (২রা ডিসেম্বর) রংপুর জেলা সফরে আসছেন । সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১১ টা ২০ মিনিটে শহিদ আবু সাঈদ-এর কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর উপদেষ্টা দুপুর ১২ টা ৩০ মিনিটে রংপুর জেলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের সকল জেলার পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকাল ৩ টায় তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ওই দিন রাতে উপদেষ্টা ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।