রংপুরে মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং ট্রাক থামিয়ে ডাকাতি বন্ধ করার দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা।শত শত ট্রাক শ্রমিক আর, কে, রোড এলাকায় ট্রাক ষ্টান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যস্ততম মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে এসে সন্ধার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর নগরীর আর কে রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে ট্রাক শ্রমিকরা। ট্রাক শ্রমিকদের অভিযোগ, রংপুরের তারাগজ্ঞ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে।অন্যদিকে রংপুর দিনাজপুর সহ সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। ডাকাতরা টাকা পয়সা লুট করছে সেই সঙ্গে ড্রাইভার হেলপারদের কুপিয়ে আহত করছে।এ বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।
রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক জানান, আমাদের ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রতিদিন মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে ডাকতারা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। রংপুরের তারাগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে কাগজ পরীক্ষার নামে গাড়ি আটকিয়ে পুলিশ চাঁদাবাজি করছে।আমাদের দাবি, একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক বার বার বিভিন্ন স্থানে কাগজ দেখার নামে চাঁদাবাজি হাইওয়ে পুলিশকে বন্ধ করতে হবে।ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে।সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেবার আশ্বাস দেওয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি।দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রাক শ্রমিকদের দাবি দাওয়া গুলো নিয়ে আমরা সন্ধায় আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো।শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে।পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।পরে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধার মধ্যে ট্রাক শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।দুপুর দেড়টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।