বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত বিভিন্ন আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় বেরোবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের আওতায় ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা শুরু হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে আগামী ২৯ নভেম্বর ২০২৬ থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।