২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে।
নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার বিস্তারিত পরিসংখ্যান বোর্ডভিত্তিক ফলাফল থেকে জানা যাবে।
এ বছর প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়াও নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এরপর ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
যেভাবে ফল জানা যাবে
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হয়েছে।