অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, মামলার বিষয়ে আদালত থেকে নোটিশ পাওয়ার পরও তানজিন তিশা হাজির হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় এদিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এদিন বাদী সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
আবেদনে বাদীপক্ষের অভিযোগ, মামলার বিষয়ে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে হাজির হননি। পাশাপাশি মামলা করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বলে দাবি করেছেন বাদী।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া চৌধুরী। অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা, যা পরে ফেরত দেওয়া হয়নি।
মামলাটি তদন্ত করে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সানায়া। পরে গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি নতুন করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
এর পরদিন ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে নতুন মামলা করেন সানায়া। তাঁর অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন। এমনকি পল্লবীর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সানায়ার দাবি, এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে উল্লেখ করে আদালতের দ্বারস্থ হন তিনি।