সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


প্রকাশ : (২ ঘন্টা আগে)
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর বিক্ষোভে নেমেছেন শ্রমিকেরা। এ সময় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের চালু কারখানায় হামলার চেষ্টা এবং কাজে যোগ দেওয়া শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনরত এক নারী শ্রমিক। তাঁর দাবি, শ্রমিকেরা কারও ওপর হামলা করেননি; বরং কারখানা থেকে বের হওয়ার পর পুলিশ তাঁদের ওপর হামলা চালায়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষের গড়িমসির কারণে তাঁরা আন্দোলনে নেমেছেন। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণা ও দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শিল্পাঞ্চল পুলিশ জানায়, দিনের শুরুতে শ্রমিকদের কর্মবিরতির মুখে নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন।

চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতির উন্নতি হলে কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা কমে আসবে বলে আশা করছে পুলিশ।

শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী।

বিজ্ঞাপন