তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ পেয়েছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ ই আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়ে থাকে।
রংপুরের গঙ্গাচড়ার একটি শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মুসনাদ ই আহমদ ২০০৮ সালে কর্মজীবন শুরু করেন। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে ব্যাংকঋণের অর্থায়নে প্রতিষ্ঠা করেন স্কাইটেক সলিউশনস। সীমিত পুঁজি ও নানা আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁর প্রতিষ্ঠান বর্তমানে ৯ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
স্কাইটেক সলিউশনস যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ব্যাক-অফিস সেবাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে আসছে। এসব সেবা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের তরুণদের দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে স্থানীয় উৎপাদক, রপ্তানিকারক ও এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মুসনাদ ই আহমদ বলেন, ছোট একটি উদ্যোগ নিয়ে শুরু করা যাত্রার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া তাঁর জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষম