দেশের জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী করতে প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আজ রাতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে দুটি তেলবাহী জাহাজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে জাহাজ দুটি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুরের ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’-এ রয়েছে ৩৫ হাজার টন ডিজেল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বর্তমানে দৈনিক ১১ হাজার টনের বেশি ডিজেলের চাহিদা রয়েছে। গত ১২ এপ্রিল পর্যন্ত সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব ছিল। নতুন এই চালান যুক্ত হলে মজুত আরও ৪ থেকে ৫ দিন বাড়বে।
বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান জানান, ইতোমধ্যে কয়েকটি জাহাজ দেশে পৌঁছেছে এবং সামনে আরও আসার কথা রয়েছে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি মাসে জ্বালানি সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।