বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে লালমনিরহাটে যুবদলের বিক্ষোভ-সমাবেশ


প্রকাশ :

রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত কুৎসিত রাজনীতির প্রতিবাদে লালমনিরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় মিশন মোড়স্থ ‘আমার বাড়ি’ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য, আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশজুড়ে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, “রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করার এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রধান অতিথি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান গ্রহণের পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়ারও আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নজরুল আলম নাজু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।

জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও উপজেলা পর্যায়ের যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে প্রধান অতিথি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।