বিএনপি কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আফজাল নাছের ভূঁইয়ার আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এটি তার বিরুদ্ধে চলমান মামলায় পঞ্চম দফার রিমান্ড।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে একই মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আবেদনে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে বিএনপিকর্মী মকবুল হোসেন নিহত হন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, ওই ঘটনায় আফজাল নাছের ভূঁইয়া নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে একাধিক কারণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ, ঘটনার সময়কার ভূমিকা নির্ধারণ, ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অর্থের যোগানদাতা ও নির্দেশদাতাদের চিহ্নিত করা। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ৩০ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
পরবর্তীতে মকবুল হত্যা মামলায় গত ৮ এপ্রিল চার দিনের এবং ১২ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে নয়াপল্টনে সংঘটিত ওই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে আফজাল নাছের ভূঁইয়া ১৪৭ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।