মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির কাছেই জাহাজটি আটকে রয়েছে।
আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। যুদ্ধবিরতির ঘোষণার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে এটি প্রায় ৪০ ঘণ্টা অগ্রসর হয়ে প্রণালির কাছাকাছি পৌঁছায়। তবে শুক্রবার (১০ এপ্রিল) সকালে সেখানে পৌঁছানোর পর ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে।
তাৎক্ষণিক কোনো বিকল্প না থাকায় জাহাজটিকে আবারও নিরাপদ কোনো বন্দরের দিকে ফিরে যেতে হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। নতুন করে অনুমতি না পাওয়া পর্যন্ত জাহাজটির যাত্রা অনিশ্চিতই থাকছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানি নির্দেশনা অনুযায়ী জাহাজটি ক্লিয়ারেন্সের আবেদন করেছিল, কিন্তু তা নাকচ করা হয়েছে। তিনি জানান, অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।
জাহাজটিতে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত আছে বলে জানিয়েছেন তিনি। সমুদ্রের পানি লবণমুক্ত করে প্রতিদিন প্রায় ১৮ টন মিঠা পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন পূর্ণ সক্ষমতায় চালাতে হয়। তাই পানির ব্যবহার সীমিত রেখে বর্তমানে দৈনিক প্রায় ৬ টনে নামিয়ে আনা হয়েছে।
ক্রুদের মনোবল ধরে রাখতে প্রতিদিনের খাবার ভাতা ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি তাদের মৌলিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত যুদ্ধ ভাতাও দেওয়া হচ্ছে বলে জানান বিএসসি’র এই কর্মকর্তা।
বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি ভারত থেকে যাত্রা করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এর একদিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত ১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি। এরপর হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার একাধিক চেষ্টা করেও এখনো নিরাপদ যাত্রার অনুমতি মেলেনি।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসসি বহরে যুক্ত হওয়া অন্যতম নতুন জাহাজ।