লালমনিরহাটে একদিনে শিক্ষা, রেলওয়ে সেবা ও সামাজিক সচেতনতা—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আয়োজিত এসব সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শুক্রবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার এসএসসি ও দাখিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, অতীতের পুরোনো ধ্যান-ধারণা পরিহার করে শিক্ষাকে নতুনভাবে এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে তিনি ৩১টি বিষয়ে নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপের আহ্বান জানান।
আজ শনিবার দুপুরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী রেলসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, রেলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিত্যক্ত রেলওয়ে সম্পত্তি পুনরুদ্ধার ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথাও জানান। উন্নয়ন প্রকল্পে প্রয়োজন হলে রেলের জমি ব্যবহারে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
একই দিনে সার্কিট হাউসে নিবন্ধিত মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সঙ্গে অনুষ্ঠিত আরেকটি সভায় মন্ত্রী বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে কাজীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামাজিক এই ব্যাধি রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বিভিন্ন সভায় জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুখসানা পারভীন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় লালমনিরহাট প্রেসক্লাব গঠনের লক্ষ্যে নয় সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।