বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু


প্রকাশ :

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শুক্রবার  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। “আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি,” উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

এ সময় লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলমসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে ‘টেকসই অবকাঠামো (রিভার)’ প্রকল্পের আওতায় চারতলা বিশিষ্ট ভবনটি ৭ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৮৫৯ টাকা ব্যয়ে নির্মিত হবে।