বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনা, নিহত ৩৯৪


প্রকাশ :

চলতি বছরের ঈদকে ঘিরে যাতায়াতের ১৫ দিনে সড়ক, নৌ ও রেলপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৮৮ জন।

সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনটি উপস্থাপন করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঈদের এই সময়কালে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং অন্তত ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এ বছর সড়কে প্রাণহানি বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ এবং দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। মোট সড়ক দুর্ঘটনার মধ্যে ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনার মধ্যে রেলপথে ২৩টি ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদকালীন সময়ে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ। দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার ২৭ দশমিক ১৬ শতাংশ, ট্রাক ও কাভার্ডভ্যান ১৭ দশমিক ৭৩ শতাংশ এবং যাত্রীবাহী বাস ১৬ দশমিক ২২ শতাংশ।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও পরিবহন খাতে পুরোনো নিয়ন্ত্রণ কাঠামো বহাল রয়েছে। তিনি বলেন, ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত সভাগুলোতে যাত্রী বা নাগরিক সমাজের প্রতিনিধিত্ব না থাকায় বাস্তব সমস্যা উপেক্ষিত থেকে যাচ্ছে। পাশাপাশি পরিবহন খাতে ভাড়া নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।