রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক ডিজিএফআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) রাতে একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, এক-এগারো সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় তদন্তের অংশ হিসেবে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকার বাসিন্দা আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। এক-এগারোর সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের নির্যাতনের ঘটনায় তার নাম আলোচনায় আসে। এছাড়া ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
এর আগে, গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে নতুন করে রিমান্ড আবেদন করলে আদালত আরও ছয় দিনের রিমান্ড অনুমোদন দেন।
এছাড়া গত বুধবার শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।