দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে পড়লেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে।
এসব অনিয়ম বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান চিফ হুইপ।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন জ্বালানি পথে রয়েছে।
চিফ হুইপ জানান, মন্ত্রীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে সংসদ সদস্যদের অবহিত করার নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও যেন তেলের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে নজরদারি জোরদারের কথা বলা হয়েছে।
এদিকে, আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
দুর্ঘটনা ও শোক প্রস্তাব
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।