শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশ :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালমনিরহাটে জেলা প্রশাসন ও রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এদিন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামাণিক, সাজু পাটোয়ারি, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আসিনসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।