গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের এই দুই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। ফলে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো বা প্রতারণামূলক কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে।
তানভীর হাসান জোহা বলেন, অসাবধানতাবশত কোনো সন্দেহজনক লিংকে প্রবেশ করা বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করার কারণে এ ধরনের হ্যাকিং হয়ে থাকতে পারে। তিনি জানান, বিচারপতির মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, ১৭ মার্চ প্রথমবারের মতো বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে অস্বাভাবিকতা দেখা দেয়। শুরুতে বিষয়টি স্পষ্ট না হলেও ২২ মার্চ তা নিশ্চিত হলে ডিজিটাল ফরেনসিক সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।