বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জ্বালানির দাম বাড়ানো হবে না : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর


প্রকাশ :

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জ্বালানির দাম বাড়াবে না এবং বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, উত্তর আমেরিকা কিংবা আফ্রিকাসহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে এ খাতে অর্থায়ন নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি চাপে রয়েছে। এ অবস্থায় সরকার বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, অতীতে দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে গেলেও পরিকল্পিত কৌশল ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা ঘুরে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে দ্বিমুখী বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন, একদিকে সামগ্রিক অর্থনৈতিক ধস, অন্যদিকে আঞ্চলিক অবহেলার কারণে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান পিছিয়ে পড়েছে। তবে উত্তরাঞ্চলের কিছু খাতে উদ্বৃত্ত সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগিয়ে শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, "বিগত দিনগুলোতে উত্তরাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার এই অবহেলিত জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বিশেষ করে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এখানে ভারী ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সরকার কাজ করছে।

এ সময় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদস সদস্য রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।