বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে ১,০৬৬ ঈদগাহে ঈদের নামাজ, কেন্দ্রীয় মাঠে সকাল ৮টায় প্রথম জামাত


প্রকাশ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলায় ১ হাজার ৬৬টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জেলার সকল ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে ঈদের নামাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে সময়সূচি অনুযায়ী জামাতে অংশগ্রহণের জন্য আগেভাগেই মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

লালমনিরহাট ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রেজাউল করিম জানান, সদর উপজেলায় ২৭৬টি, আদিতমারী উপজেলায় ৯৩টি, কালীগঞ্জ উপজেলায় ১৪৮টি, হাতীবান্ধা উপজেলায় ২৫৫টি এবং পাটগ্রাম উপজেলায় ২৯৪টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ঈদগাহ মাঠে ইমাম ও খতিব নির্ধারণ করা হয়েছে এবং আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে, ঈদের নামাজ নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।