বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে লালমনিরহাটে - ত্রাণমন্ত্রী দুলু


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং বন্যা ব্যবস্থাপনা জোরদারে আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে ঘোষিত ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের উদ্যোগ কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়। চলতি বছরে অন্তত ৫ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল বাস্তবায়ন করবে।

মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই সারাদেশে খাল চিহ্নিত করা হয়েছে এবং সম্প্রতি একযোগে ৫৪টি জেলায় ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের মাধ্যমে সচল করা হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং বন্যার ঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি খালের ২ তীরে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে, যা পরিবেশ সুরক্ষা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়া খালগুলোতে মাছ চাষের সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।