বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে কারামুক্তির পরই ফের গ্রেফতার ইউপি চেয়ারম্যান বিপ্লব


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবারও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

জানাযায়, জামিনের আনুষ্ঠানিকতা শেষে সকালে কারামুক্ত হন বিপ্লব। জেলগেট থেকে আইনজীবী ও স্বজনদের সঙ্গে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি দল তার পথরোধ করে। পরে কয়েকজন সদস্য তাকে দ্রুত পুলিশের গাড়িতে তোলে। এ সময় উপস্থিত সমর্থক ও আইনজীবীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এর আগে গত ১২ মার্চ রাতে নিজ বাসা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরদিন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি তাৎক্ষণিক মুক্তি পাননি। অবশেষে মঙ্গলবার সকালে মুক্তি পেলেও কিছুক্ষণের মধ্যেই পুনরায় গ্রেফতার হন তিনি।

চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, পূর্বের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে হয়রানি করা হচ্ছে। আদালত জামিন দেওয়ার পরও নতুন কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে আবার আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, এটি উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন  আদিতমারী থানার রিকুজেশন মূলে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে স্থানীয় মহলে আলোচনা রয়েছে, সম্প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতার সঙ্গে চালের বরাদ্দ সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চেয়ারম্যান বিপ্লবকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং তার বিরুদ্ধে আইনি চাপ বাড়তে থাকে।