লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলিত হবে। প্রত্যুষে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সকাল ০৬:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
দিবসটি উপলক্ষ্যে জেলার সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৬শে মার্চ সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, আল নাহিয়ান শিশু পরিবার, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে লালমনিরহাট শিশু পার্কসহ জেলার সকল শিশু পার্ক ও উদ্যানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এছাড়াও শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে।
দিবসটি উপলক্ষ্যে ২০শে মার্চ থেকে ২৫শে মার্চ, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যের উদ্যোগে সুবিধাজনক সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভার আয়োজন করা হবে। এছাড়াও শিশুদের জন্য ২০শে মার্চ থেকে ২৫শে মার্চ, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যের উদ্যোগে নির্ধারিত সময় ও স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে ২৫শে মার্চ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বিকাল ৪ টা ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।