পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে নদী-নালা ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের জলাধারগুলো পুনরুজ্জীবিত করা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা কমানোর পাশাপাশি জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির আলোকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা জানান সংশ্লিষ্টরা।
এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সেখান থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টিত বাসে করে তিনি সৈয়দপুর হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে যান।
সাহাপাড়া খালের প্রায় ১২ কিলোমিটার অংশ পুনঃখননের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সময় ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করার কথা রয়েছে।
তারেক রহমানের সফর ঘিরে দিনাজপুরসহ আশপাশের এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।