বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন আজ


প্রকাশ :

দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমে দেশের বাকি ৫৩টি স্থানেও একযোগে এ কর্মসূচির সূচনা ঘোষণা করবেন।

উদ্বোধন শেষে সেখানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে তার নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।