ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ভারতে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসটিএফ ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে তিনি সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় জুমার নামাজের পর রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ছয় দিন পর তার মৃত্যু হয়।