রমজান ও ঈদকে ঘিরে দেশের ডিম ও ব্রয়লার মুরগির বাজারে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। বাজারে করপোরেট সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বিপিএর দাবি, উৎপাদন খরচ বাড়লেও প্রান্তিক খামারিরা মুরগির ন্যায্য দাম পাচ্ছেন না। গত সাত মাস ধরে উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজি মুরগিতে ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি ডিমে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে খামারিদের।
বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, বর্তমানে হঠাৎ করে মুরগির দাম বেড়েছে। তবে একটি ডিম বিক্রি করতে হচ্ছে ৬ থেকে ৭ টাকার মধ্যে, যেখানে উৎপাদন খরচ প্রায় ১০ টাকা। তিনি বলেন, “আমরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা দেখতে চাই না। উৎপাদন খরচের সঙ্গে ১০ শতাংশ লাভ যুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে ডিম ও মুরগির বাজার ব্যবস্থাপনা চালু করার দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, খামারিদের খাবার, বাচ্চা ও ওষুধ বেশি দামে কিনতে হচ্ছে। এতে দেশের প্রায় ৫০ হাজার পোল্ট্রি শিল্প এবং ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে।
বিপিএ নেতারা বলেন, নীতিমালা থাকা সত্ত্বেও বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, যা খামারিদের জন্য নতুন সংকট তৈরি করছে।