দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিন দিনের সফরে ১২ই মার্চ (বৃহস্পতিবার) লালমনিরহাটে আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ১৩ই মার্চ (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি ২:৩০ মিনিটে হামারবাড়ী মিশন মোড়ে নির্বাচনী মূল্যায়নসভায় অংশগ্রহণ করবেন। ঐদিন মন্ত্রী বিকাল ৪:৩০ মিনিটে লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করবেন।
১৪ই মার্চ (শনিবার) মন্ত্রী সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ একরামিয়া সিনিয়র মাদ্রাসা ভবন উদ্বোধন করবেন। এরপর তিনি সকাল ১১:৩০ মিনিটে এলজিইডি’র আওতাধীন সদর উপজেলার ‘খেদাবাগ আর অ্যান্ড এইচ-কাশিয়াবাড়ি প্রাইমারী স্কুল ভায়া চিরামালী জিপিএস’ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
মন্ত্রী দুপুর ২টায় কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও তিনি বিকাল ৩:৩০ মিনিটে লালমনিরহাট সড়ক বিভাগের মাধ্যমে বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী (N-509) জাতীয় মহাসড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ এবং রিজিড পেভমেন্ট নির্মাণের মাধ্যমে পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (PMP) বাস্তবায়ন কাজ পরিদর্শন করবেন।
ঐদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রাত ৮:৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এইসব তথ্য জানানো হয়েছে।