ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে আজ বুধবার সরকারি দলের সংসদীয় দলের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জানা গেছে, আজ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও প্রথম অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, সংসদীয় দলের বৈঠকেই নতুন স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নির্ধারণ করা হবে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। তবে এবারের ক্ষেত্রে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এ প্রস্তাব গ্রহণ করা হবে কি না, তা নিয়ে জামায়াতের ভেতরেও আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিরোধী দলের বৈঠকেও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নামই বেশি গুরুত্ব পাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু হবে।
সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এবার অধিবেশন কত দিন চলবে, তা এখনো নির্ধারণ হয়নি। সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকে অধিবেশনের সময়কাল ঠিক করা হবে।