বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঈদ সামনে রেখে রপ্তানি খাতে ২,৫০০ কোটি টাকা ছাড়


প্রকাশ :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের রপ্তানিমুখী খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে তারল্য সংকট মোকাবেলায় ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। বকেয়া নগদ সহায়তার বিপরীতে এই অর্থ ছাড়ের ফলে শিল্প মালিকদের ওপর বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই অর্থ ছাড়ের ফলে রপ্তানি খাতে বিদ্যমান তারল্য সংকট উল্লেখযোগ্যভাবে লাঘব হবে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, আটকে থাকা নগদ সহায়তা দ্রুত ছাড়ের দাবিতে সংগঠনটির নেতারা সম্প্রতি সরকারের উচ্চপর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক-এর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এসব আলোচনার ফলেই দ্রুত এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত আসে।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজিএমইএ তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের মাধ্যমে দ্রুত অর্থ উত্তোলনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থ ছাড়ের ফলে কাঁচামাল আমদানি, ইউটিলিটি বিল পরিশোধ এবং উৎপাদন কার্যক্রম সচল রাখা সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

মালিকপক্ষের মতে, ঈদের আগে এই অর্থ হাতে পাওয়ায় শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঝুঁকি কমবে এবং উৎপাদন স্বাভাবিক থাকবে। সরকারের এই উদ্যোগ রপ্তানি আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে এ ধরনের প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো অর্থ ছাড় পাওয়ায় শিল্প মালিকরা এখন ঈদ-পূর্ব আর্থিক দায়গুলো নির্বিঘ্নে মেটাতে পারবেন।