দেশে বিদ্যমান মজুত বিবেচনায় আপাতত জ্বালানি তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং মজুত সন্তোষজনক পর্যায়ে আছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে যুদ্ধাবস্থার প্রভাব মাথায় রেখে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। তবে বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব।
নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ৭টি জ্বালানিবাহী জাহাজের জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বলেও জানান তিনি।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল ৫৫ দিনের।