পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রথম দিন দেওয়া হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। সার্ভারের চাপ কমাতে অঞ্চলভেদে টিকিট বিক্রির সময় আলাদা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন।
সূচি অনুযায়ী, ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের, ৯ মার্চ ১৯ মার্চের এবং ১০ মার্চ ২০ মার্চের অগ্রিম টিকিট।
ঈদে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ যুক্ত করা হবে। ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট আগাম সংগ্রহ করা যাবে। মঙ্গলবার সকাল থেকেই কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট বিক্রি চলছে।
সংগঠনের সেক্রেটারি শুভংকর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে।
তবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ঈদে বাস চালালেও তাদের অগ্রিম টিকিট বিক্রির সূচি এখনো ঘোষণা করা হয়নি।