মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটে দায়রা জজ আদালত । একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ ২০২৬) আদালতের বিচারক মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. ফারুক হোসেন (পলাতক) জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট বিকেলে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা দামুদ্দার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৯৩ বোতল কোডিন মিশ্রিত আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ১১ আগস্ট কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। যার দায়রা মামলা নং–৯৩/২০২৩; জি.আর–৩২৭/২০২২)।
আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করা হলো। আসামি পলাতক থাকায় তিনি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে সেই সময় কারাদণ্ড থেকে বাদ যাবে। এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম হুমায়ুন রেজা স্বপন, পিপি বলেন, “আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ন্যায়সঙ্গত রায় দিয়েছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিলের বিষয়টি আমরা স্বাক্ষীদের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায় মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা হয়ে থাকবে।