চলতি মার্চ মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী মার্চ মাসে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম আগের মতোই বহাল থাকবে।
বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারিত রয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছিল। সে সময় ডিজেল ১০২ টাকা থেকে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২০ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকায় নামানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। মার্চে সেই হিসাবেই দাম অপরিবর্তিত রাখা হয়েছে।