সরকারি ছুটির দিনেও দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
কার্যালয়ে পৌঁছালে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাসভবন থেকে তেজগাঁও কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নেন। মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবারই সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় গত শনিবার তিনি সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন।