লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নেে স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম মিন্টু (৫০) আর নেই। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র ইফতারের পর মাগরিবের নামাজ আদায়রত অবস্থায়ই তিনি আল্লাহর ডাকে সাড়া দেন।
কালীগঞ্জ উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী গ্রামের মরহুম মেহের আলীর পুত্র মিন্টু ছিলেন এলাকার পরিচিত ও অত্যন্ত ভদ্র একজন মানুষ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারী হিসেবে মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছিলেন তিনি। গ্রামের অসংখ্য মানুষ তার হাতে স্বাস্থ্যসেবা পেয়েছেন, আজ তারাই চোখের পানি ধরে রাখতে পারছেন না।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। বড় ছেলে শোহেব আলী (১৮) ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী, আর ছোট ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। বাবাকে হারিয়ে যেন মুহূর্তেই অনিশ্চিত হয়ে পড়লো তাদের ভবিষ্যৎ।
পারিবারিক সূত্রে জানাগেছে, মিন্টু তার মায়ের গর্ভে থাকাকালীন সময়েই তার মা একই ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে ভাই রফিকুল ইসলাম (দলিল লেখক)-এর বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানেই তার বেড়ে ওঠা, সেখান থেকেই মানুষের জন্য কাজ করার শিক্ষা।
তার এমন আকস্মিক বিদায়ে চন্দ্রপুর ইউনিয়নসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন সৎ, নিরহংকারী ও দায়িত্বশীল মানুষকে হারিয়ে এলাকাবাসী আজ বাকরুদ্ধ।