বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

একুশে আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির প্রাণ: প্রধানমন্ত্রী


প্রকাশ :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক এবং আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ।’ তিনি আরও বলেন যে, এই দিনটি একদিকে যেমন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, অন্যদিকে এটি ছিল শোষকের বিরুদ্ধে অধিকার আদায়ের এক অপরাজেয় আন্দোলন। বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে এবং বিশ্ব জগতে নতুন আলো ছড়াবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেওয়ার পর প্রধান অতিথির ভাষণেএই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী । 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও সাহিত্য চর্চার ধারাকে আরও শানিত ও বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এই লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একুশে পদকের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো এই একুশে পদক প্রবর্তন করেছিলেন।’ তিনি উল্লেখ করেন যে, এটি কেবল একটি পদক নয়, বরং এর মাধ্যমে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল ঐতিহাসিক ঘটনাবলিকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে রাখা হয়। 

একই সঙ্গে শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় যাঁরা রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে সাধারণ মানুষের মেলবন্ধন তৈরি করাই এই রাষ্ট্রীয় স্বীকৃতির মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।

ফেব্রুয়ারি মাসকে ‘শেকড় সন্ধানী মাস’ হিসেবে অভিহিত করে তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের মৃত্যুকে আল্লাহ যেন ‘শহিদী মৃত্যু’ হিসেবে কবুল করেন সেই প্রার্থনা জানান।