শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি জব্দ করে যাচাই-বাছাই করা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।