বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক অভিযোগে আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি একই ধরনের আরও ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এরও আগে ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার।
সরকারি হিসাবে, এসব পদক্ষেপের ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।