বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মাধ্যমে জাতীয় সংসদ কার্যকর হয়েছে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। তবে আগের সংসদের স্পিকার পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় অধিবেশনে সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

১৭ ফেব্রুয়ারি শপথের পর বিএনপি জোট তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করে। অন্যদিকে, জামায়াত-এনসিপি জোট শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং নাহিদ ইসলামকে চিফ হুইপ মনোনীত করেছে।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বান বাধ্যতামূলক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ১২ মার্চ প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হয়। সাধারণত পূর্ববর্তী স্পিকার বা ডেপুটি স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশন পরিচালনা করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

নিয়ম অনুযায়ী, একজন সদস্য স্পিকার প্রার্থী প্রস্তাব করবেন এবং অন্য একজন তা সমর্থন করবেন। একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটেই নির্বাচন সম্পন্ন হবে। স্পিকার নির্বাচনের পর তার সভাপতিত্বেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়। পরে রাষ্ট্রপতি তাদের শপথ পড়ান এবং পরবর্তী কার্যক্রম শুরু হয়।

জাতীয় সংসদে স্পিকার-ডেপুটি স্পিকারের পর গুরুত্বপূর্ণ পদ হলো সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ। তাদের কাজ সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিলের পক্ষে ভোট নিশ্চিত করা।

১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের দিনই সরকার গঠন হয়। একই দিনে বিরোধী জোট শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা এবং নাহিদ ইসলামকে চিফ হুইপ নির্বাচিত করে। তবে সরকার দলীয় চিফ হুইপ ও উপনেতার নাম এখনো ঘোষণা হয়নি। ( বিবিসি বাংলা)