বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

একদিনে ১২ সচিবে রদবদল, নতুন নিয়োগে জোর প্রস্তুতি


প্রকাশ :

নতুন সরকার গঠনের পর প্রশাসনে বড় ধরনের রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একদিনেই ১২ জন সচিবের পদে পরিবর্তন আনা হয়েছে—৯ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং ৩ জনকে ওএসডি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। শূন্য হওয়া এসব গুরুত্বপূর্ণ পদে চলতি সপ্তাহেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

প্রশাসনিক আদেশে যাদের মূল দায়িত্ব থেকে সরানো হয়েছে তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এম এ আকমল হোসেন আজাদ, ড. কাইয়ুম আরা বেগম এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান।

সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শূন্য হওয়া এসব পদে নিয়োগের ক্ষেত্রে অতীতে পদোন্নতি ও পদায়নে বঞ্চিত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিশেষ করে রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত দক্ষ কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন সচিব বাছাই করা হচ্ছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পেতে পারেন নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলম। দীর্ঘ সময় পদায়নবিহীন থাকা এই কর্মকর্তা অতীতে বিভিন্ন কারণে বঞ্চিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, নতুন নিয়োগের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন মিললেই যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রশাসনে এই বড় রদবদল ঘিরে সচিবালয়জুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।