দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের মোস্তিফিবাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ জেলায় প্রথম তিন দিনের সরকারি সফর।
মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনার কথা ছিল। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করতে চাই। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে মন্ত্রী বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইফতার ও সেহরিতে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে—এ বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। কে মামলা খেল বা দুর্নীতি করল, তা দুদকের দেখার বিষয়।
জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি যখন জনগণের জন্য কাজ করতে পারব, তখনই স্বস্তি পাব। আমরা মাত্র কাজ শুরু করেছি, সামনে কী হয় দেখা যাবে। আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন ।