বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন, অনিয়মের শুনানি শুরু


প্রকাশ :

নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদন শুনানি করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী নির্বাচনী আবেদন, রুল ও সংশ্লিষ্ট বিষয়াদি এই বেঞ্চে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পাশাপাশি অন্যান্য দেওয়ানি এখতিয়ারও এই বেঞ্চে অন্তর্ভুক্ত রয়েছে।

আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা যাবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। পরে নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। এতে নির্বাচিতদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যদের শপথ আয়োজন করা হবে। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।