ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টনের হিসাব শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাপ্ত আসনের অনুপাতে বিএনপি ও তাদের মিত্ররা প্রায় ৩৫টি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রায় ১৩টি আসন পেতে পারে।
আইন অনুযায়ী প্রতি ছয়জন সংসদ সদস্যের বিপরীতে একটি করে নারী আসন বরাদ্দ হয়। এবারের নির্বাচনে বিএনপি জোট ২১১টি এবং জামায়াত জোট ৭৭টি আসন পাওয়ায় এই হিসাব দাঁড়িয়েছে।
এছাড়া এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরাও জোটে যুক্ত হলে একটি করে আসন পেতে পারে। তবে স্বতন্ত্রদের অবস্থান বদলালে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে আগামী মে মাসের মধ্যে ভোট হতে পারে। মার্চের শেষ দিকে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।
উল্লেখ্য, কয়েকটি আসনের ফল স্থগিত থাকায় ভবিষ্যতে সংরক্ষিত আসনের হিসাব কিছুটা পরিবর্তন হতে পারে।