দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক আলোচনা করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বেলা সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন তিনি। এতে নিম্নআয়ের মানুষের সহায়তায় নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।